বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমবিশ্বঅ্যান্টি পেপার লিক বিল নিয়ে উত্তাল লোকসভা: অমিত শাহর বিরুদ্ধে রাহুলের মারাত্মক অভিযোগ

অ্যান্টি পেপার লিক বিল নিয়ে উত্তাল লোকসভা: অমিত শাহর বিরুদ্ধে রাহুলের মারাত্মক অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
অ্যান্টি পেপার লিক বিল নিয়ে উত্তাল লোকসভা: অমিত শাহর বিরুদ্ধে রাহুলের মারাত্মক অভিযোগ

 পেপার লিক বিল সংশোধনী নিয়ে বুধবার (২৯ জুলাই) সকাল থেকেই ভারতের লোকসভা উত্তপ্ত হয়ে ওঠে। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগ তুললে এই উত্তেজনার পারদ আরও বাড়ে।


ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন অনুযায়ী, গত ২০ জুলাই দিল্লির জন্তরমন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ চলাকালে পুলিশের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে এ অভিযোগ তোলেন রাহুল।


বক্তব্যে রাহুল গান্ধী বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ ও গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। এই ধরনের বলপ্রয়োগের অনুমোদন কেবল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীই দিতে পারেন।"


তাঁর এই গুরুতর দাবির পরপরই ট্রেজারি বেঞ্চ (সরকারি দল) থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু সঙ্গে সঙ্গেই অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ উপস্থাপনের দাবি জানান। ক্ষমতাসীন বিজেপি-এনডিএ জোটের সংসদ সদস্যরা এর তীব্র বিরোধিতা করেন এবং দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন বক্তব্য দেওয়ার জন্য রাহুলের ক্ষমা প্রার্থনা দাবি করেন, যার ফলে সভায় স্লোগান ও তীব্র বিশৃঙ্খলার সৃষ্টি হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার ওম বিড়লা হস্তক্ষেপ করে মনে করিয়ে দেন যে, সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া লোকসভার ভেতরে এমন গুরুতর অভিযোগ তোলা যায় না।


এদিকে বক্তব্য প্রদানকালে এক শিক্ষার্থীর সংজ্ঞায়িত তিনটি ক্যাটাগরির উদাহরণ দিতে গিয়ে রাহুল একাধিকবার 'ইডিয়ট' (Idiot) শব্দটি ব্যবহার করেন। এতেও লোকসভায় নতুন করে হট্টগোল শুরু হয়। মন্ত্রী কিরেণ রিজিজু একে ‘অসংসদীয়’ (unparliamentary) ভাষা হিসেবে আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানালে স্পিকার বিতর্কিত অংশটি কার্যবিবরণী থেকে বাদ (expunge) দেওয়ার নির্দেশ দেন।