শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
হোমবিশ্বএক্সে স্থগিত ইরানের তাসনিম নিউজের একাধিক অ্যাকাউন্ট

এক্সে স্থগিত ইরানের তাসনিম নিউজের একাধিক অ্যাকাউন্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
এক্সে স্থগিত ইরানের তাসনিম নিউজের একাধিক অ্যাকাউন্ট

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির একাধিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফার্সি, আরবি, ইংরেজি এবং ব্রেকিং নিউজ বিভাগের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি।


এক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘনের কারণে এসব অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। তবে ঠিক কোন নিয়ম ভঙ্গের অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


এ ঘটনায় এখন পর্যন্ত তাসনিম নিউজের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।


ইরানের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম হিসেবে পরিচিত তাসনিম নিউজ বিশেষ করে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–সংক্রান্ত সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে তাসনিমের এক্স অ্যাকাউন্ট স্থগিতের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের অনলাইন কার্যক্রম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নজরদারি ও বিধিনিষেধের বিষয়টিও আলোচনায় রয়েছে।