রবিবার , ০২ আগস্ট ২০২৬
রবিবার , ০২ আগস্ট ২০২৬
হোমবিশ্বসেউতায় অভিবাসীদের নজিরবিহীন ঢল, স্পেনের আদালতের রায়কে দায়ী করছে মাদ্রিদ

সেউতায় অভিবাসীদের নজিরবিহীন ঢল, স্পেনের আদালতের রায়কে দায়ী করছে মাদ্রিদ

favicon
ভোরের আলো ডেস্ক:
সেউতায় অভিবাসীদের নজিরবিহীন ঢল, স্পেনের আদালতের রায়কে দায়ী করছে মাদ্রিদ

স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় মরক্কো থেকে হঠাৎ করেই অভিবাসীদের ব্যাপক ঢল নেমেছে। একদিনেই প্রায় ৬০ হাজার মানুষ বিভিন্ন উপায়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্পেন সরকার বলছে, দেশটির সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের ভুল ব্যাখ্যা ও অপব্যবহারের সুযোগ নিয়েই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


সরকারি তথ্য অনুযায়ী, মরক্কো থেকে অনেকে সাঁতরে সমুদ্রপথে এবং অনেকে সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে সেউতায় প্রবেশের চেষ্টা করেন। আদালতের রায়ে বলা হয়েছে, সমুদ্রপথে সাঁতরে স্পেনে পৌঁছানো ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না। তাদের আইনি সহায়তা গ্রহণ এবং আশ্রয়ের আবেদন করার সুযোগ দিতে হবে।


স্পেন সরকারের অভিযোগ, মানবপাচারকারী চক্র এই রায়ের সুযোগ নিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশে উৎসাহিত করছে। তাদের দাবি, আদালতের সিদ্ধান্তকে ভুলভাবে ব্যাখ্যা করে দালালচক্র মানুষকে ঝুঁকিপূর্ণ পথে সীমান্ত অতিক্রমে প্ররোচিত করছে।


প্রধানমন্ত্রী Pedro Sánchez বলেন, এই ঘটনা স্পেনের আঞ্চলিক অখণ্ডতার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। তিনি অভিযোগ করেন, মানবপাচারকারী অপরাধী নেটওয়ার্ক নিজেদের স্বার্থে আদালতের রায়ের অপব্যবহার করছে। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার জন্য মরক্কো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


সেউতা ভৌগোলিকভাবে উত্তর আফ্রিকায় অবস্থিত হলেও এটি স্পেনের অংশ। অঞ্চলটির একমাত্র স্থলসীমান্ত মরক্কোর সঙ্গে যুক্ত এবং সমুদ্রপথে মাত্র কয়েক কিলোমিটার দূরত্ব হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই ইউরোপমুখী অভিবাসীদের অন্যতম প্রবেশপথ।


অনেক অভিবাসী উন্নত জীবনের আশায় স্পেনে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে যারা সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে প্রবেশ করেছেন, তারা আদালতের ওই রায়ের সুবিধা পাবেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


গণ-অনুপ্রবেশ ঠেকাতে সেউতা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে স্পেন। ইতোমধ্যে সীমান্ত অতিক্রমকারী অনেককে মরক্কোতে ফেরত পাঠানো শুরু হয়েছে। শুক্রবার স্পেন জানায়, স্থল ও সমুদ্রপথে প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই স্বেচ্ছায় মরক্কোতে ফিরে গেছেন।


এদিকে, সেউতা কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তসংলগ্ন এলাকায় এখন পর্যন্ত ৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ সমুদ্রে ডুবে এবং কেউ সীমান্তের ব্রেকওয়াটার ও বেড়া পার হওয়ার সময় পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। মরক্কো অংশেও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


উল্লেখ্য, ২০২১ সালেও মাত্র দুই দিনের ব্যবধানে প্রায় ১০ হাজার মানুষ মরক্কো থেকে সেউতায় প্রবেশ করেছিলেন। ওই ঘটনার জেরে স্পেন ও মরক্কোর মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছিল।