রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রিয়া, ক্ষতির পরিমাণ ১.৪ বিলিয়ন ইউরো

রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রিয়া, ক্ষতির পরিমাণ ১.৪ বিলিয়ন ইউরো

favicon
ভোরের আলো ডেস্ক:
রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রিয়া, ক্ষতির পরিমাণ ১.৪ বিলিয়ন ইউরো

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের দেশ অস্ট্রিয়া। চলতি জুলাই মাসে দেশটিতে ইতিহাসের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে জনজীবনের পাশাপাশি অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়েছে।


অস্ট্রিয়ার উইইজেলবার্গ শহরে সর্বোচ্চ ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসের আগের সব রেকর্ড অতিক্রম করেছে।


দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, লোয়ার অস্ট্রিয়া ও আপার অস্ট্রিয়ায় রেকর্ড হওয়া তাপমাত্রা ১৯৮৩ সালের ২৭ জুলাই কারিনথিয়া রাজ্যে নিবন্ধিত ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের জাতীয় জুলাই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, চলমান তাপপ্রবাহ ২০১৩ সালের তীব্রতাকেও অতিক্রম করে ইতিহাসের অন্যতম ভয়াবহ তাপপ্রবাহে পরিণত হতে পারে।


বর্তমানে অস্ট্রিয়ায় গ্রীষ্ম মৌসুমের দ্বিতীয় বড় তাপপ্রবাহ চলছে। গবেষকদের হিসাবে, এ পর্যন্ত দুটি তাপপ্রবাহের কারণে দেশটির প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ইউরোর অর্থনৈতিক ক্ষতি হয়েছে।


জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইউরোপ থেকে প্রবাহিত উচ্চচাপ এবং উষ্ণ ট্রপিক্যাল বায়ুর প্রভাবে সোমবার (৩ আগস্ট) থেকে আরও অন্তত এক সপ্তাহ তীব্র দাবদাহ অব্যাহত থাকতে পারে।


গ্রাজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, অস্ট্রিয়ায় চলমান চরম আবহাওয়ার প্রায় ৮০ শতাংশের জন্য মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়ন দায়ী।


বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে খরা, দাবানল, কৃষিখাতে ক্ষতি এবং অবকাঠামোগত বিপর্যয়সহ নানা ঝুঁকি আরও বাড়তে পারে।