যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতাকে ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির ভিত্তি বললেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) ভবিষ্যতে দেশটির পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পেজেশকিয়ান বলেন, চুক্তির বিপরীত পক্ষ যেন তাদের প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করে, তা নিশ্চিত করতে ইরান সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালাবে। তার মতে, এই সমঝোতা বাস্তবায়িত হলে ইরান, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এবং দেশটির মিত্রদের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নতুন চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে এবং সোমবার থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি ইস্যুতে ইতোমধ্যে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও সমঝোতার বিষয়ে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যস্থতার অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান স্থগিত করা হয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মধ্যস্থতাকারী দেশগুলো সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছিল।