বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা ঠিক নয়, তসলিমা নাসরিনকে জবাব অভিজিত দীপকের
বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সঙ্গে ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলনার তুলনা করায় নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের বক্তব্যের সমালোচনা করেছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিত দীপকে। তার মতে, দুই দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় এ ধরনের তুলনা যথাযথ নয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা যায়, সোমবার দেওয়া এক প্রতিক্রিয়ায় অভিজিত দীপকে বলেন, বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের তুলনা করা হচ্ছে শুধুমাত্র আন্দোলনকে বিতর্কিত করার উদ্দেশ্যে। তিনি জোর দিয়ে বলেন, ভারতের এই আন্দোলনের বাস্তবতা ও লক্ষ্য অন্য দেশের আন্দোলনের থেকে আলাদা।
এর আগে রোববার তসলিমা নাসরিন এক মন্তব্যে বলেন, সিজেপির আন্দোলনের কিছু ভিডিও দেখে তার বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলনের কথা মনে পড়েছে। তিনি দাবি করেন, প্রথমে তিনি ভেবেছিলেন আন্দোলনের লক্ষ্য ছিল কোটাপদ্ধতির সংস্কার, কিন্তু পরে সেটি সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ওই আন্দোলনের পেছনে জঙ্গিগোষ্ঠীর প্রভাব ছিল এবং এর ফল বাংলাদেশের জন্য ইতিবাচক হয়নি।
তসলিমার বক্তব্যের জবাবে অভিজিত দীপকে বলেন, সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর সিজেপির দায়িত্ব আরও বেড়েছে। তিনি জানান, আন্দোলনের ধারাবাহিকতায় শিগগিরই দলটির সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।
উল্লেখ্য, গত মাসে ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিজেপির নেতৃত্বে আন্দোলন শুরু হয়। পরে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্দোলনটি দিল্লির যন্তর মন্তর ছাড়িয়ে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন।