কিয়েভের দুঃখ প্রকাশের পর ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল করে ইরানের দাবি
ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন থাকলেও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে ইরান। কিয়েভের পক্ষ থেকে ‘দুঃখ প্রকাশ’ করার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি।
সোমবার (৩ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, হামলার প্রস্তুতি সম্পূর্ণ ছিল, তবে পরবর্তীতে অভিযানটি বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। তার দাবি, কোনো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ‘অবৈধ পথে’ চলাচলের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।
সাক্ষাৎকারে রেজায়ি আরও দাবি করেন, সাম্প্রতিক ১৭ দিনের সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা ব্যাহত হয়েছে এবং মার্কিন বাহিনী উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গত ২৫ জুলাই ইরান অভিযোগ করে, ইউক্রেন কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। তেহরানের দাবি, ওই ঘটনায় একজন নাবিক নিহত হন।
এ ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার প্রতি ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান। ইরানের সাম্প্রতিক বক্তব্যের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও স্পষ্ট হয়ে উঠেছে।