বুধবার , ০৫ আগস্ট ২০২৬
বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমবিশ্বইসরাইলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করা ফৌজদারি অপরাধ নয়: জার্মান আদালত

ইসরাইলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করা ফৌজদারি অপরাধ নয়: জার্মান আদালত

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসরাইলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করা ফৌজদারি অপরাধ নয়: জার্মান আদালত

জার্মানির একটি উচ্চ আদালত রায় দিয়েছেন, ইসরাইল রাষ্ট্রের কর্মকাণ্ডকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করা নির্দিষ্ট পরিস্থিতিতে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে না। আদালতের মতে, যদি এমন তুলনা রাজনৈতিক সমালোচনার উদ্দেশ্যে করা হয় এবং একই সঙ্গে নাৎসি শাসনের অপরাধের সমর্থন নয়, বরং নিন্দা প্রকাশ করে, তাহলে তা বাকস্বাধীনতার সুরক্ষার আওতায় পড়তে পারে।


আইনি ওয়েবসাইট *বেক অনলাইন*–এর তথ্য অনুযায়ী, মামলাটি একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারীকে ঘিরে। তিনি কয়েকটি পোস্টে ইসরাইলের কর্মকাণ্ডের সঙ্গে নাৎসি জার্মানির কার্যক্রমের তুলনা করেন এবং সেই প্রেক্ষাপটে নাৎসি স্বস্তিকা ও নাৎসি পার্টির পতাকার প্রতীক ব্যবহার করেন।


দক্ষিণ-পশ্চিম জার্মানির সোয়াইব্রুকেন হাইকোর্ট ওই ব্যবহারকারীকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয়। আদালত উল্লেখ করেন, রাজনৈতিক সমালোচনার অংশ হিসেবে ব্যবহৃত এসব প্রতীক যদি নাৎসি মতাদর্শের প্রচার বা সমর্থনের উদ্দেশ্যে না হয়, তাহলে সংবিধানবিরোধী সংগঠনের প্রতীক ব্যবহারের অপরাধ প্রযোজ্য হবে না।


আদালতের পর্যবেক্ষণে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ইসরাইলের নীতির কঠোর সমালোচনা করতে গিয়ে ঐতিহাসিক তুলনা ব্যবহার করেছেন এবং একই সঙ্গে নাৎসি আমলের অপরাধের বিরুদ্ধে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন। তাই তার কর্মকাণ্ডকে নাৎসিবাদের প্রচার হিসেবে দেখা যায় না।


মামলার নথি অনুযায়ী, ওই ব্যবহারকারী একটি পোস্টে নাৎসি জার্মানি ও মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরাইলের কর্মকাণ্ডের তুলনামূলক একটি সারণি প্রকাশ করেন। আরেকটি পোস্টে ডেভিডের তারকার মধ্যে নাৎসি স্বস্তিকা সংযুক্ত একটি চিত্র ব্যবহার করা হয়। পোস্টগুলোতে **#FreePalestine** এবং **#GazaUnderAttack** হ্যাশট্যাগও যুক্ত ছিল।


এর আগে লুডভিগসহাফেনের একটি নিম্ন আদালত সংবিধানবিরোধী সংগঠনের প্রতীক ব্যবহারের দায়ে ওই নারীকে ২ হাজার ৪০০ ইউরো জরিমানা করেছিল। তবে আপিলে সোয়াইব্রুকেন হাইকোর্ট সেই রায় বাতিল করে দেয়।


রায়ে আদালত আরও উল্লেখ করেন, বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকার বিবেচনায় এ ধরনের ফৌজদারি বিধান প্রয়োগে সতর্ক থাকতে হবে এবং আইনকে অতিরিক্ত বিস্তৃতভাবে ব্যাখ্যা করা উচিত নয়।