নতুন শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা
বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তকে কেন্দ্র করে আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অর্পিত ক্ষমতার সীমা অতিক্রম করে শুল্ক আরোপের অভিযোগে ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে মামলাটি দায়ের করা হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, মার্কিন সুপ্রিম কোর্টের আগের রায়ের পরও ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক আরোপ করে আইনি সীমা অতিক্রম করেছে। মামলাকারীদের দাবি, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আইন ও সাংবিধানিক ক্ষমতার সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
অন্যদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, অন্যায্য আন্তর্জাতিক বাণিজ্যিক আচরণের জবাব এবং জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি রোধে নতুন শুল্ক আরোপ করা হয়েছে। তার দাবি, প্রশাসনের এ পদক্ষেপ আইনসম্মত এবং যথাযথ।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৬০টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর দুই অঙ্কের নতুন শুল্ক আরোপ করে। অভিযোগ ছিল, এসব দেশ জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের আমদানি নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের বহুল আলোচিত ‘লিবারেশন ডে’ শুল্ক বাতিল করে। সেই সিদ্ধান্তের পর প্রশাসন অস্থায়ী শুল্ক ব্যবস্থা চালু করে। অস্থায়ী ব্যবস্থার মেয়াদ শেষ হওয়ার পরই নতুন শুল্ক কার্যকর করা হয়।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস বলেন, সুপ্রিম কোর্টে পরাজয়ের পরও ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক আরোপের মাধ্যমে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তার মতে, এই পদক্ষেপ আইনি বৈধতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।