মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ইট-পাথর নিক্ষেপের অভিযোগ
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার দলীয় এক কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কলকাতার কাছে উত্তর চব্বিশ পরগনার হালিশহরে এ ঘটনা ঘটে।
অভিযোগ, অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতকারী মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে। গাড়ির জানালা বন্ধ না থাকলে পাথরের আঘাতে তার মাথা ফেটে যেতে পারত বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ হেফাজতে মারা যাওয়া এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে হালিশহরে বিক্ষোভের মুখে পড়েন মমতা। এ সময় বিক্ষোভকারীরা তার গাড়ি ঘিরে ফেলেন বলে অভিযোগ।
বিক্ষোভকারীরা মমতার গাড়িতে কাদা মাখিয়ে দেন এবং জুতা ও পানির বোতল ছোড়েন বলেও অভিযোগ উঠেছে। এ সময় তাদের ‘চোর ভাগাও’ স্লোগান দিতে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের পেছনে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি অভিযোগ করেন, পুলিশের সামনে বাইরে থেকে আসা দুষ্কৃতকারীরা তার গাড়িতে পাথর ছুড়েছে। গাড়ির জানালা বন্ধ না থাকলে পাথরের আঘাতে তার মাথা ফেটে যেতে পারত এবং তিনি মারা যেতে পারতেন বলেও দাবি করেন মমতা।
নিরাপত্তা নিয়েও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তার দাবি, এমন হামলার মুখে তিনি আগে কখনো পড়েননি এবং তার নিরাপত্তায় পুলিশ যথাযথ ভূমিকা পালন করেনি।
এ সময় মমতার সঙ্গে থাকা লোকসভা সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভা সদস্য দোলা সেনও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।