ট্রাম্পের ১৫ দফা গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরাইলের
গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরাইল। হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা জানিয়েছে, নেতানিয়াহু ১৫ দফার প্রস্তাবিত নথিটিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। তার অবস্থান হলো, হামাসকে প্রকৃত অর্থে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা থেকে ইসরাইলি সেনাদের কোনো ধরনের প্রত্যাহার করা হবে না।
নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইসরাইল হামাসের কেবল নামমাত্র বা লোকদেখানো বিলুপ্তি চায় না। বরং সংগঠনটির প্রকৃত ও সম্পূর্ণ বিলুপ্তিই তাদের লক্ষ্য।
তিনি জানান, এ বিষয়টি নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। ওয়াশিংটনের পক্ষ থেকে গাজার পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু বিষয় ইসরাইলের কাছে গ্রহণযোগ্য হলেও কয়েকটি প্রস্তাব তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না বলে জানান ইসরাইলি প্রধানমন্ত্রী।
গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাবিত পরিকল্পনাকে ঘিরে ইসরাইল ও হামাসের অবস্থানের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। বিশেষ করে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের বিষয়টি শান্তি উদ্যোগের অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।