সোমবার , ১০ আগস্ট ২০২৬
সোমবার , ১০ আগস্ট ২০২৬
হোমবিশ্বযুক্তরাষ্ট্রে প্রেমিকাকে হত্যার অভিযোগ, জার্মানিতে ভারতীয় তরুণ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে প্রেমিকাকে হত্যার অভিযোগ, জার্মানিতে ভারতীয় তরুণ গ্রেপ্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রে প্রেমিকাকে হত্যার অভিযোগ, জার্মানিতে ভারতীয় তরুণ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ১৯ বছর বয়সী প্রেমিকাকে হত্যার অভিযোগে ২০ বছর বয়সী এক ভারতীয় তরুণকে জার্মানিতে গ্রেপ্তার করা হয়েছে।


মার্কিন সংবাদমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহত কলেজছাত্রী জুলিসা রুবি সালাজারের পরিবারের অভিযোগের পর ঘটনাটির তদন্ত শুরু করে পুলিশ।


অ্যারিজোনার টাকসনে ইউক্লিড এভিনিউ ও এলম স্ট্রিটের কাছে একটি অ্যাপার্টমেন্ট থেকে সালাজারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার শরীরে হত্যাকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুতর আঘাতের চিহ্ন ছিল। তদন্তকারীদের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।


তদন্তে সালাজারের প্রেমিক ভারুন বাচিগারিকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।


পুলিশ জানতে পারে, সালাজারের মৃত্যুর দিন বাচিগারি টাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি জার্মানির বার্লিনের উদ্দেশে রওনা হন। পরে তদন্তকারীরা জানতে পারেন, তার চূড়ান্ত গন্তব্য ছিল ভারত।


এরপর পুলিশ বাচিগারির বিরুদ্ধে হত্যা ও অপহরণের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মার্কিন ফেডারেল, স্থানীয় ও আন্তর্জাতিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় জার্মানিতে পৌঁছানোর পর তাকে আটক করা হয়।


তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, গত ৫ আগস্ট সালাজারের রুমমেটরা তার শোবার ঘর থেকে জোরে চিৎকারের শব্দ শুনেছিলেন। পরে তারা সালাজারকে মেসেজ করে তিনি ঠিক আছেন কি না জানতে চান। জবাবে সালাজার জানিয়েছিলেন, তিনি ভালো আছেন এবং তার সঙ্গে বাচিগারির ঝগড়া হয়েছিল।


বর্তমানে ভারুন বাচিগারি জার্মানিতে হেফাজতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।