মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
হোমবিশ্বকলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত বেশ কয়েকজন

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত বেশ কয়েকজন

favicon
ভোরের আলো ডেস্ক:
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত বেশ কয়েকজন

কলম্বিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন চোকো প্রদেশের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা।


কলম্বিয়ার জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯৬ কিলোমিটার গভীরে।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল সান হোসে দেল পালমার গ্রাম থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে।


ভূমিকম্পের উৎপত্তিস্থল অনেক গভীরে হলেও এর কম্পন দেশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে। রাজধানী বোগোতাতেও প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। নিরাপত্তার কারণে রাজধানীর কয়েকটি বহুতল ভবন থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।


দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে কফি উৎপাদনকারী অঞ্চল মানিজালেসে একটি বহুতল ভবন ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মানিজালেসের একটি ঐতিহাসিক গির্জার চূড়ার অংশ ভেঙে পড়ার দৃশ্যও দেখা গেছে।


ভূমিকম্পের পর সম্ভাব্য শক্তিশালী আফটারশক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চোকো প্রদেশের গভর্নর। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা নিয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


ভূমিকম্পের পর বিভিন্ন এলাকায় উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবন ও অন্যান্য স্থাপনার পরিস্থিতি যাচাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।