বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমবিশ্বজাপানি উপহার নিয়ে রসিকতা, সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জাপানি উপহার নিয়ে রসিকতা, সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
জাপানি উপহার নিয়ে রসিকতা, সমালোচনার মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রীর দেওয়া মূল্যবান উপহার নিয়ে রসিকতা করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ।


গত মে মাসে অস্ট্রেলিয়া সফরের সময় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আলবেনিজকে দুটি মূল্যবান ক্রাউন মেলন উপহার দেন। পরে জুলাইয়ে ‘বুশ ডিপ’ নামের একটি পডকাস্টে ওই উপহার নিয়ে কথা বলতে গিয়ে বিতর্কে জড়ান অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী।


পডকাস্টের সঞ্চালক ও কৌতুকাভিনেত্রী নিকি অসবোর্ন ক্রাউন মেলন দুটিকে অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের সঙ্গে তুলনা করে রসিকতা করেন। এর জবাবে আলবেনিজ বুকে হাত দিয়ে ইঙ্গিত করে মেলন দুটিকে ‘বেশ অদ্ভুত’ বলে মন্তব্য করেন।


তার এই মন্তব্যকে ‘যৌনতাবাদী রসিকতা’ বলে সমালোচনা করেছেন জাপানে নিযুক্ত অস্ট্রেলিয়ার সাবেক রাষ্ট্রদূত শিংও ইয়ামাগামি। তিনি বলেন, জাপানে ক্রাউন মেলন অত্যন্ত মূল্যবান এবং এমন উপহারকে নারীর শরীর নিয়ে রসিকতার সঙ্গে যুক্ত করা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি অসম্মানজনক।


জাপানি এই কূটনীতিকের সমালোচনার পর অস্ট্রেলিয়ার বিরোধীদলীয় নেতা আঙ্গুস টেলরও আলবেনিজের মন্তব্যকে ‘আপত্তিকর’ বলে উল্লেখ করেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান।


মঙ্গলবার বিরোধী দলের এক সংসদ সদস্যও ওই মন্তব্যকে ‘শালীনতাবর্জিত ও নারীদের প্রতি অবমাননাকর’ আখ্যা দিয়ে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তবে আলবেনিজ সেই দাবি প্রত্যাখ্যান করে বলেন, অস্ট্রেলিয়া ও জাপানের সম্পর্ক বর্তমানে অত্যন্ত শক্তিশালী এবং তার সরকার এই কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নিয়েছে।


প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভার কয়েকজন সদস্যও আলবেনিজের পক্ষ নিয়েছেন। অর্থমন্ত্রী কেটি গ্যালাগার ও সামাজিক পরিষেবা মন্ত্রী তানিয়া প্লিবারসেকের দাবি, প্রধানমন্ত্রীর বক্তব্যকে রাজনৈতিক প্রতিপক্ষ ও কিছু গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করেছে।


এর আগে একই পডকাস্টে সংগীতশিল্পী কাইলি মিনোগ, অভিনেত্রী নিকোল কিডম্যান ও রোন্ডা বার্চমোরের মধ্যে কাকে বিয়ে বা ডেট করবেন—এমন প্রশ্নের জবাব দিয়েও সমালোচিত হয়েছিলেন আলবেনিজ। ওই ঘটনায় পরে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছিল।


সূত্র: বিবিসি