যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নিরসনে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নাকভি। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নিতে তেহরানে যান।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-এর এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার ভোরে ইসলামাবাদ থেকে তেহরানের উদ্দেশে রওনা হন নাকভি।
নাকভির এই সফর এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংকট নিরসনে পাকিস্তান কূটনৈতিকভাবে সক্রিয় রয়েছে। এর আগেও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার ইরান সফর করে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।
প্রায় এক মাস আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি ইসলামাবাদ সফর করেন। সে সময় তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন। বর্তমান সফরকে ওই ধারাবাহিক আলোচনারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
এর আগে চলতি বছরের এপ্রিলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার আয়োজন করে পাকিস্তান। পরবর্তী সময়ে কাতারের সঙ্গে সমন্বয় করে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইসলামাবাদ।
সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও কাতার আবারও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে এগিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। ফলে নাকভির তেহরান সফরকে চলমান মধ্যস্থতা প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা