ভোটার তালিকা থেকে নাম বাদ, ক্ষোভ প্রকাশ প্রকাশ রাজের
ভারতের অভিনেতা প্রকাশ রাজ দাবি করেছেন, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বেঙ্গালুরুর ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
প্রকাশ রাজের দাবি, বেঙ্গালুরু কেন্দ্রে এসআইআর প্রক্রিয়ায় ভোটাধিকার হারানো প্রায় ৬৫ লাখ ভোটারের মধ্যে তিনিও রয়েছেন। তিনি বলেন, বেঙ্গালুরুতেই তার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা ও থিয়েটারে কাজের শুরু। এমনকি তিনি ওই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন।
ভোটার তালিকায় নিজের নাম পুনর্বহালের জন্য আইনি প্রক্রিয়ায় যাওয়ার ইঙ্গিত দিয়ে অভিনেতা বলেন, ভোটার পরিচয়পত্র ফিরে পেতে তাকে আরও কী ধরনের নিয়ম ও নথিপত্রের মধ্য দিয়ে যেতে হয়, তা তিনি দেখতে চান।
তবে প্রকাশ রাজের অভিযোগের পর বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি করপোরেশন জানিয়েছে, নিয়ম মেনেই তার নাম ‘স্থানান্তরিত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বাড়ি বাড়ি যাচাইয়ের সময় বুথ লেভেল অফিসার (বিএলও) জানতে পারেন, প্রকাশ রাজ প্রায় চার বছর ধরে ওই ঠিকানায় বসবাস করছেন না।
সিটি করপোরেশনের ভাষ্য অনুযায়ী, প্রতিবেশী, প্রপার্টি ম্যানেজার ও ফ্ল্যাটের মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই করা হয়। পরে তাকে জানানো হয়েছে, বর্তমান ঠিকানার বিএলওর মাধ্যমে ‘ফর্ম-৬’ পূরণ করে নতুন ঠিকানায় ভোটার হিসেবে নাম নিবন্ধন করতে পারবেন।
বেঙ্গালুরু সেন্ট্রাল সিটি করপোরেশনের কমিশনার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জগদীশ জি জানিয়েছেন, প্রকাশ রাজের সঙ্গে ফোনে কথা হয়েছে এবং তিনি বর্তমান ঠিকানাটি পরিবর্তিত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। কর্তৃপক্ষের দাবি, যাচাইয়ের পর অভিনেতার অভিযোগের ভিত্তি পাওয়া যায়নি।