নাসিরুদ্দিনকে কঙ্গনার কটাক্ষ, ‘শেয়াল হওয়ার চেয়ে অনুগত কুকুর হওয়া ভালো’
ঝাড়খণ্ডে শিক্ষার্থী ও সরকারি চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলন নিয়ে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহের নীরবতার প্রসঙ্গ টেনে তাকে কটাক্ষ করেছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
মঙ্গলবার (১১ আগস্ট) নাসিরুদ্দিনের পুরোনো একটি মন্তব্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান কঙ্গনা। তিনি অভিযোগ করেন, নাসিরুদ্দিন দেশের অন্ন খেয়েও অন্য দেশের পক্ষে অবস্থান নেন।
নাসিরুদ্দিনের মন্তব্যের জবাব দিতে গিয়ে কঙ্গনা বলেন, কারও প্রতি অনুগত হওয়া দোষের নয়; বরং যে দেশের অন্ন খাওয়া হয়, সেই দেশের জন্য অবস্থান নেওয়াকে তিনি গর্বের মনে করেন। তিনি আরও মন্তব্য করেন, নাসিরুদ্দিনের মতো ‘শেয়াল’ হওয়ার চেয়ে অনুগত ‘কুকুর’ হওয়া ভালো।
গত ২৫ জুলাই থেকে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ঝাড়খণ্ডে আন্দোলন করছেন শত শত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। এ আন্দোলন নিয়ে তারকারা নীরব কেন—এমন প্রশ্নের জবাবে এর আগে নাসিরুদ্দিন শাহ বলেছিলেন, তারকারা তখনই কোনো বিষয়ে কথা বলেন, যখন তাদের বিবেক থেকে কথা বলার তাগিদ আসে।
এ প্রসঙ্গে একটি প্রবাদও উল্লেখ করেছিলেন তিনি—মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না; হাড় পড়ে গেলেই সে আওয়াজ তোলে।
নাসিরুদ্দিনের সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে কঙ্গনা বলেন, বর্তমান সময়ে কাউকে ‘কুকুর’ বলা অনেক ক্ষেত্রেই প্রশংসা হিসেবে বিবেচিত হতে পারে। কারণ আনুগত্য ও সরলতা এখন অত্যন্ত বিরল বলে মন্তব্য করেন তিনি।