বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
হোমবিশ্বঅমিত শাহের ২৪ ঘণ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান রাহুলের, ‘লেকচার শুনতে আগ্রহী নই’

অমিত শাহের ২৪ ঘণ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান রাহুলের, ‘লেকচার শুনতে আগ্রহী নই’

favicon
ভোরের আলো ডেস্ক:
অমিত শাহের ২৪ ঘণ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান রাহুলের, ‘লেকচার শুনতে আগ্রহী নই’

ভারতের সংসদের বাদল অধিবেশনে সরকার ও বিরোধীদের সংঘাত আরও তীব্র হয়েছে। বিরোধীদের উত্থাপিত বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া ২৪ ঘণ্টার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।


বুধবার (১২ আগস্ট) সংসদে অমিত শাহ বলেন, বিরোধীরা লিখিতভাবে আবেদন করলে তিনি বুধবার দুপুর ৩টা থেকে বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা আলোচনায় অংশ নিতে প্রস্তুত। সরকারের লুকানোর কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।


তবে অমিত শাহের এই প্রস্তাবকে গুরুত্ব দিতে নারাজ রাহুল গান্ধী। সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কী বলছেন, তা নিয়ে বিরোধীরা আগ্রহী নন এবং তার কোনো ‘লেকচার’ শুনতেও তারা চান না।


বিরোধীদের প্রধান দাবির মধ্যে রয়েছে দিল্লিতে এনইইটি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে অমিত শাহের জবাবদিহি। আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ, হামলা, গুলি চালানো এবং পেরেকযুক্ত লাঠি ব্যবহারের অভিযোগ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি বক্তব্য দাবি করেছে বিরোধীরা।


রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল এবং পেরেকযুক্ত লাঠি ব্যবহারের নির্দেশই বা কে দিয়েছিল। তার দাবি, এসব নির্দেশ যদি স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে থাকেন, তাহলে তার পদত্যাগ করা উচিত।


এ ছাড়া রামমন্দির ট্রাস্টের অনুদানের অর্থ চুরির অভিযোগ নিয়েও সংসদে আলোচনা চায় বিরোধীরা। এসব বিষয়ে অমিত শাহের বক্তব্য না পাওয়া পর্যন্ত সংসদের স্বাভাবিক কার্যক্রম চালাতে না দেওয়ার অবস্থানে রয়েছে বিরোধী শিবিরের একাংশ।


অমিত শাহ দাবি করেছেন, অধিবেশন শুরুর পর থেকেই তিনি নিয়মিত সংসদে আসছেন। অন্যদিকে রাহুল গান্ধীর দাবি, গত ২০ দিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আসেননি। দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে সংসদের অচলাবস্থা কাটার পরিবর্তে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।