চাঁদাবাজি ও সন্ত্রাস রোধে ইউপিডিএফসহ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অপসারণের আহ্বান
আগামী ১৫ মে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ইউপিডিএফ-এর বৈঠককে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যাক্টিভিস্ট থোয়াই চিং মং শাক। মঙ্গলবার (১৩ মে) সকালে শাহবাগের জুলাই মঞ্চে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই উদ্বেগ জানান।
তিনি বলেন, ইউপিডিএফ একটি রাষ্ট্র স্বীকৃত সংগঠন নয়; বরং এটি একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পার্বত্য চট্টগ্রামের সংকটকে তিনি একটি জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এ সমস্যার টেকসই সমাধানে সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণ অপরিহার্য।
একইসঙ্গে তিনি মন্তব্য করেন, শুধুমাত্র একটি সংগঠনের সঙ্গে বৈঠক করে সমাধানে পৌঁছানো সম্ভব নয়, বরং এতে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। সংবাদ সম্মেলনে তিনি ইউপিডিএফসহ সকল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে পার্বত্য এলাকা থেকে অপসারণ এবং চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে কঠোর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।