বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বনেপালে তুষারধস-বন্যায় মৃত বেড়ে ৩১, নিখোঁজ ৩৮৪

নেপালে তুষারধস-বন্যায় মৃত বেড়ে ৩১, নিখোঁজ ৩৮৪

favicon
ভোরের আলো ডেস্ক:
নেপালে তুষারধস-বন্যায় মৃত বেড়ে ৩১, নিখোঁজ ৩৮৪

নেপালে তুষারধস ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে রাজধানী কাঠমান্ডুর উত্তরে রসুয়া জেলায় তুষারধস ও আকস্মিক বন্যার ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত ৩১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর আগে ১৭ জনের মৃত্যুর খবর জানিয়েছিল সিএনএস।


এদিকে নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, দুর্যোগের ঘটনায় ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজদের মধ্যে যুক্তরাজ্যের ১২ জন নাগরিক রয়েছেন।


এক বিবৃতিতে পর্যটন বোর্ড জানিয়েছে, সীমান্তের উভয় পাশে জোরদার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানরত ও সেখান দিয়ে ভ্রমণরত পর্যটকদের নিরাপত্তা এবং বর্তমান অবস্থান নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করছে।


নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানিয়েছেন, ভূমিকম্পের পর তুষারধস শুরু হয় এবং এর ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। তবে এ বিষয়ে পাওয়া তথ্য এখনো যাচাই করা হচ্ছে।


তিনি জানান, নেপালের পাশাপাশি চীনও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। চীন-নেপাল সীমান্তের নিম্নাঞ্চলের বেশ কয়েকটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির কথা জানালেও এখনো এর সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।


একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর এটিকে নেপালের অন্যতম ভয়াবহ দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে। ওই ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।


ভোটকোশী নদীর তীরবর্তী রসুয়া ও নুয়াকোট জেলার বেশ কয়েকটি জনবসতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকাগুলো জনবিরল হলেও নেপাল-চীন বাণিজ্যের জন্য সেখানকার সড়কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।


দুর্যোগে জলবিদ্যুৎ প্রকল্প, মহাসড়ক ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে। এতে সীমান্তবর্তী অঞ্চলে যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।