ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে আগেই সতর্ক করেছিলেন তুলসী গ্যাবার্ড
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই তৎকালীন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য যুদ্ধের পরিণতি সম্পর্কে সতর্ক করেছিলেন। যুদ্ধ শুরুর কয়েক দিন আগে এক গোয়েন্দা ব্রিফিংয়ে তিনি জানিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলে দেশটিতে আরও কট্টরপন্থি একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা রয়েছে, যারা পারমাণবিক অস্ত্র অর্জনে আগ্রহী হতে পারে।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দাদের ওই পূর্বাভাসের কথা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দাদের সতর্কবার্তা উপেক্ষা করেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরামর্শে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে জড়ান ট্রাম্প। নেতানিয়াহু তাকে বোঝান, ইরান তখন সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। ওই সময় হামলা চালানো হলে দেশটির শাসনব্যবস্থায় পরিবর্তন আনার পাশাপাশি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকেও ইরানকে দূরে রাখা সম্ভব হবে বলে তাকে আশ্বস্ত করা হয়।
এ ছাড়া ইরানের বিরুদ্ধে সফল সামরিক অভিযান ট্রাম্পকে বিশ্বজুড়ে শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করবে—এমন ধারণাও তাকে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় ট্রাম্পের ধারণা ছিল, ছয় সপ্তাহের মধ্যেই সংঘাতের অবসান ঘটানো সম্ভব হবে। কিন্তু ছয় মাস পরও যুদ্ধের সমাপ্তি ঘটেনি। বরং সংঘাত দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধের সম্ভাব্য পরিণতি নিয়ে মার্কিন গোয়েন্দাদের আগের সতর্কবার্তাগুলো নতুন করে আলোচনায় এসেছে।