নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত ১৬০, নিখোঁজ ৮৪৪
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের উত্তরাঞ্চলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। এখন পর্যন্ত ১৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৮৪৪ জন। নিখোঁজদের মধ্যে সাড়ে চার শতাধিক বিদেশি নাগরিক রয়েছেন।
নিখোঁজ বিদেশিদের মধ্যে ১৩৩ জন ভারতীয় নাগরিক। এ ছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়াসহ অন্তত ২৮ দেশের নাগরিক রয়েছেন। ভয়াবহ এ দুর্যোগের পর দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে।
বুধবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে তিব্বত সীমান্তবর্তী বাগমতি প্রদেশের পাহাড়ি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর পরপরই ওই অঞ্চলে একাধিক তুষারধস ও ভূমিধসের ঘটনা ঘটে।
পরে মধ্যাঞ্চলীয় রাসুয়া এলাকায় ভয়াবহ পাহাড়ি ঢল বা আকস্মিক বন্যা আঘাত হানে। মুহূর্তের মধ্যে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায় এবং ভেসে যায় বহু জনপদ। ওই সময় মানস সরোবরগামী শত শত তীর্থযাত্রী ও পর্যটক এলাকায় অবস্থান করছিলেন।
আটকে পড়া মানুষদের উদ্ধারে নেপালের সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা যৌথভাবে কাজ করছেন। নিখোঁজদের সন্ধানে দুর্গম পাহাড়ি এলাকাতেও অভিযান চালানো হচ্ছে।
এদিকে, ভয়াবহ এই আকস্মিক বন্যা ও ভূমিধসের প্রভাব সীমান্তের অপর পাশের তিব্বতেও পড়েছে। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।