রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে: মাহফুজ আলম
রাষ্ট্র ফ্যাসিবাদী হয়ে উঠলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মাহফুজ আলম বলেন, দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা প্রয়োজন। পাশাপাশি বিনিয়োগকারী ও অংশীজনদের আস্থা অর্জন করতে হবে। রাষ্ট্র পুনর্গঠনের জন্য এখন দ্বিমুখী লড়াই চালিয়ে যেতে হবে—একদিকে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা, অন্যদিকে জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করা।
তিনি বলেন, রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন পরস্পরবিরোধী নয়। জুলাইয়ের ছাত্র-জনতার সামাজিক ও রাজনৈতিক অগ্রগতি প্রয়োজন। আওয়ামী লীগের ১৬ বছরের সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উত্থান ঘটাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
মাহফুজ আলম বলেন, আস্থা ও স্থিতিশীলতা বজায় রাখতে সব অনাকাঙ্ক্ষিত সংকট সম্মিলিতভাবে দূর করতে হবে। একই সঙ্গে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং রাষ্ট্র ও অর্থনীতির ব্যাপক সংস্কার কার্যকর করতে লড়াই চালিয়ে যেতে হবে।
বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, লড়াইয়ের পাশাপাশি রাষ্ট্রকে গড়েও তুলতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্র ভঙ্গুর বা ব্যর্থ হয়ে পড়লে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে।